জন্মদিন- নাকি,একটা নতুন দিনের জন্ম !
শুকনো পাতা খসে পড়ে ,
আর আমি নির্মোহ হয়ে হিসেব কষি
আরেকটি জন্মান্তরের ।
রাতের কোলে, দিনের হারিয়ে যাওয়া ডুব -
সঙ্গে একটা জন্মের খসে পড়া ।
মাঝের সময়টুকুতে আমার বড়ো আপন- নীল আকাশ যাপন ।
আচ্ছা , বাতাসের রং কি ? নীল , নাকি ...
আমি কিন্তু জানি , বাতাসের রং ।
আর শুধু বাতাসই বা কেন ?
আমার সমগ্র স্বত্ত্বাই তো নীল ।
নীল আমার কবিতা , নীল আমার উপন্যাস ।
যদিও উপন্যাস আমি লিখিনি কখনও ,
তবু্ও আমার নিজের জীবনকে একটা উপন্যাস ধরলে ,
বলতেই হয় , তা নীল ।
আসলে যেদিন থেকে আমি 'নীল' হয়েছি ,
আমার জন্মদিন নীল হয়েছে ,
আমি একটা একটা করে শব্দ চয়ন করে সাজিয়েছি আমার নীল পাণ্ডুলিপির পাতাগুলোকে ,
তা' দিয়ে সময় পেলে একটা উপন্যাস লিখবো ।
নাম দেবো - নীলাঞ্জলি ।
আসলে ভালোবেসে ডাকা নাম তো এক অসহ্য সুখ ।
আমার যে একটা মন আছে ,
সেই মন দিয়ে আমি অনুভব করি সে সুখ,
দেখি নদীর বুকে ভেসে যাওয়া সুখের তরী,
মধু খেয়ে ফুলেরই বুকে মুখ ডুবিয়ে অলি-র সুখের ঘুম ,
আর দেখি শেষের দিনের দিকে সন্তর্পণে এগিয়ে যাওয়া সুখ জীবনের স্বপ্ন ।
তখন বুঝি জন্মদিন আসলে নীল মৃত্যুর দিকে এগিয়ে যাওয়ার এক নিঃশব্দ পদধ্বণি ॥
Comments
Post a Comment