এই চালাক পৃথিবীতে, বোকাদের জন্য একটা দিন তোলা থাক। যারা বরাবার পচা মাছ দেখাতে থাকে সরিয়ে সুচারু শাক, যদিও জানা কথা, মাছের ব্যাপারীরা তাতে যাবে খেপে। সেই সব মূর্খদের জন্য , যারা এখনো কথা বলেনা জিভ মেপে, এখনো যাদের ভাবনা নোঙর হয়নি কোনো ঈশ্বর বা পতাকায় সেলফির কারিকুরি ছেড়ে, যারা দুনিয়া দেখছে আজও হাতআয়নায়, তাদের জন্য একটা দিবস রাখা দরকার বছরের ফাঁকে, যেমন বিবেক এসে মাঝে মাঝে নাড়া দিতো যাত্রাপালাকে। এরা চিরকেলে বোকা। তার সাথে একগুঁয়ে আর একরোখা, যেদিকে যাচ্ছে ভিড়, তার বিপরীতে গিয়ে জেদি তাল ঠোকা, অভ্যেস যেন। স্বভাবত সমকালে প্রবল নিন্দাসহ শাস্তিপ্রাপক, হিংস্র আগুনে পোড়ে, শাসক গারদে পোরে, দেয় হেমলক। এরা খোলা মুখে বলে দেয়, রাষ্ট্রের নির্দেশে কোথায় গলদ, অথচ বিরোধী কোনো রাজনীতিবিদ নয়, সত্যের বোঝা বওয়া কলুর বলদ। ক্ষমতাবিহীন , তবু নিষ্কম্প স্বরে বলে কোথায় মানুষ মরে ঈশ্বরভেদে, যত ধর্মের ষাঁড়, এরকম বোকা পেলে তেড়ে গিয়ে দুই শিংয়ে বেঁধে। মজার ব্যাপার জানো, বোকাগুলো জানে সেটা। প্রাণ যাবে, মান যাবে জানে, তবু মূর্খের মতো, কাদা-হাঁটু হেঁটে যায়, তখনো অলীক ভাবা পথ সন্ধানে। এরা পতাকায় নিস্পৃহ, যুদ্ধে...